| Tuesday, 24 November 2026
ব্রেকিং নিউজ
জাতীয়

রাজধানীতে বাস কম, ভাড়া বেশি

Bongo প্রকাশ: পড়তে সময়:

অনলাইন ডেস্ক :

শুক্রবার রাতে এক লাফে ৪৭ শতাংশের বেশি জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এরপর আজ শনিবার সকাল থেকে রাজধানীর সড়কে কমেছে বাস চলাচল।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রীরা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছেন না। শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন। স্বাভাবিকের চেয়ে আজ সড়কে বাস কম থাকায় বাসে উঠতে বেগ পেতে হচ্ছে। এদিকে, বাসে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। এ নিয়ে দেখা গেছে বাকবিতণ্ডা।

সকাল ১০টায় খিলক্ষেত এলাকায় দেখা যায়, শত শত মানুষ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। যেসব বাস আসছে তা আগে থেকেই ভরা। কেউ কেউ ঝুঁকি দৌড়ে বাসে উঠে পাদানিতে ঝুলছেন।

মহাখালী আমতলীতে প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর গাজীপুর পরিবহনে উঠতে পেরেছেন মো. আলাউদ্দিন ও তাঁর স্ত্রী। প্রায় ৬০ বছর বয়সী আলাউদ্দিন স্ত্রীকে ডাক্তার দেখাতে মগবাজার একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছেন। মগবাজারে বাস থেকে নেমে সমকাল প্রতিবেদককে তিনি বলেন, অনেকে ঠেলেঠুলে বাসে উঠে ঝুলতে ঝুলতে যাচ্ছে। কিন্তু আমাদের মতো যাদের বয়স হয়েছে তারা সমস্যায় পড়েছে বেশি।

এদিকে বাসে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনাও ঘটছে। শাহবাগ থেকে কারওয়ানবাজার এসেছেন তরিকুল ইসলাম রাজন। তিনি বলেন, কিছুদিন আগেও পাঁচ টাকা ভাড়া ছিল। কয়েকদিন আগে সেটা ১০ টাকা হলো। আজ শাহবাগ থেকে কারওয়ান বাজার আসতে বাস ভাড়া চাইল ১৫ টাকা। এই নিয়ে একদফা কথা কাটাকাটি হয়ে গেল।

উত্তরা থেকে খিলগাঁওগামী রাইদা পরিবহনের বাসের হেলপার নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকার তেলের দাম বাড়িয়েছে কিন্তু বাসভাড়া ঠিক করেনি। তাই সমস্যা হচ্ছে। কত টাকা বেশি চাইব, যাত্রীরা কত দেবে তা নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। আজকের মধ্যে ভাড়া ঠিক না করা হলে কাল বাসে বাসে যাত্রীদের সঙ্গে হাতাহাতি হবে।

বিশ্ববাজারে জ্বালানির দাম কমতে শুরু করলেও দেশে এক লাফে ৩৪ টাকা বাড়িয়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা। এবার বেড়েছে অকটেন, পেট্রোলের দামও। অকটেনের দাম লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ৮৯ থেকে ১৩৫ টাকা এবং পেট্রোল লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ৮৬ থেকে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত নভেম্বরের মতো এবারও সময় না দিয়েই কার্যকর করা হয়েছে বর্ধিত দাম। শুক্রবার রাত ১২টায় নতুন দামে তেল বিক্রি শুরু হয়। এর দুই ঘণ্টা আগে দাম বৃদ্ধির গেজেট জারি করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। এর আগে গত ৪ নভেম্বর ডিজেলের লিটার ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়। এতে দ্রব্যমূল্য আরও বেড়ে যায়। এবারের দাম বৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা হবে বলে বলছেন বিশেষজ্ঞরা।

নিউজ ফটো কার্ডএই নিউজের জন্য তৈরি
ডিজাইন বাছাই হচ্ছে…

১২০০ × ৬৭৫ পিক্সেল • Facebook/সোশ্যাল মিডিয়ার জন্য উপযোগী

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *